কালিহাতীতে রডবোঝাই ট্রাক খাদে উল্টে নিহত ১৫, আহত ৬

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ১৫ জন নিহত এবং আরও ৬ জন আহত হয়েছেন। আজ সোমবার ভোর ৫টার দিকে যমুনা সেতু সংযোগ মহাসড়কের সারাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, হতাহতদের সবার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। তারা রডবোঝাই ট্রাকে করে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিয়ার রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ট্রাকটি কালিহাতীর সারাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে ট্রাকটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।

আহত ৬ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

এনএএন টিভি