আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে নীলফামারীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

‘সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য র‌্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাবেয়া বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া ও আলোচনা সভা।
দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মচারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রোভার স্কাউট, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মনোয়ারুল ইসলাম, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নীলফামারীর সিনিয়র স্টেশন অফিসার মোঃ মিয়ারাজ উদ্দিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়।
দিবসটি সফলভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ আয়োজন করা হয়। সহায়তা প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, ওয়ার্ল্ড ভিশন, আরডিআরএস বাংলাদেশ, আশা, উদ্দীপন ও লুথেরান ওয়ার্ল্ড রিলিফ।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ পূর্ব প্রস্তুতির কোনো বিকল্প নেই। সমন্বিত উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দুর্যোগ মোকাবিলা এবং ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব।
এনএএন টিভি / ওমর ফারুক

Share this news as a Photo Card