সার্বজনীন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে নীলফামারীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলার ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি, উপজেলা পর্যায়ের দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, রাজনৈতিক সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, র্যাব-১৩ এবং জেলা পুলিশের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ।
সভায় জানানো হয়, এ বছর নীলফামারী জেলায় মোট ৭৪৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। পূজামণ্ডপগুলোতে বিদ্যুৎ সংযোগ, প্রশাসনিক নিরাপত্তা, খাদ্য সহায়তা, সিসি ক্যামেরা স্থাপন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত টহল কার্যক্রম জোরদারের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বক্তারা বলেন শারদীয় দূর্গাপূজা যেন সম্প্রীতির সেতুবন্ধন সৃষ্টি করে এবং জেলার প্রত্যেকটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করা যায়—এ ব্যাপারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় অংশগ্রহণকারী জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের জন্য নীলফামারীতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা সহায়তা এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
শেষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান পূজা সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল মহলের সহযোগিতা কামনা করেন এবং পূজা উদযাপনকে স্মরণীয় ও মনোমুগ্ধকর করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এনএএন টিভি / ওমর ফারুক

2 Replies to “আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নীলফামারীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত”
Comments are closed.