গাইবান্ধার পলাশবাড়ীতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাগর মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ওই মোটরসাইেকেলে থাকা নাইমুর রহমান স্বচ্ছ (২০) ও সামিউল ইসলাম (২১) নামে আরো দুই যুবক। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার টেংরা-বাদিয়াখালি সড়কে গোয়ালপাড়া আব্দুল হালিম মিয়ার চাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর মিয়া পলাশবাড়ি পৌর শহরের গিরিধারীপুর এলাকার মিন্টু মিয়ার ছেলে। আহত স্বচ্ছ উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ি এলাকার আব্দুর রশিদের ছেলে এবং অপর আহত সামিউলের বাড়ি একই এলাকায়।
স্থানীয়রা জানান, ওই তিন যুবক বেপরোয়া গতিতে বাইক চালিয়ে পলাশবাড়ী থেকে কাশিয়াবাড়ীর দিকে যাচ্ছিল। দুপুর ১২টার দিকে টেংরা-বাদিয়াখালি সড়কে গোয়ালপাড়া আব্দুল হালিম মিয়ার চাতালের সামনে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়।
এতে মোটরসাইেকেল থেকে ছিটকে পড়ে তিনজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। আহত স্বচ্ছ ও সামিউলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রেফার্ড করেন।
পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) লাইসুর রহমান বলেন, ‘নিহত সাগরের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সেখানে পুলিশ কাজ করছে। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া বাইকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।’
আরও পড়ুন :
১.চাঁপাইনবাবগঞ্জে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু
২.নওগাঁর নিয়ামতপুর সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

Comments are closed.