গাছে সবুজ পাতার ফাঁকে শোভা পাচ্ছে সোনাঝরা সোনালু ফুল

গাছে শোভা পাচ্ছে সোনাঝরা সোনালু ফুল। সবুজ কচি পাতার ফাঁকে হলুদ বর্ণের সোনালু ফুল প্রকৃতিকে সাজিয়ে তুলেছে। গ্রামীন জনপদ,সড়ক-মহাসড়কের রাস্তার ধারে ছোট বড় সোনালু গাছের দেখা মেলে। প্রকৃতিকে নয়নাভিরাম রূপে সাজাতে এবং প্রকৃতি পরিবেশের শোভা বর্ধনে এ সোনালু ফুলের তুলনা নেই।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় গ্রামীন জনপদে হলুদ রংয়ের এই সোনাঝরা সোনালু ফুল মুগ্ধতা ছড়াচ্ছে চারপাশ। ফুলের সৌন্দর্য পথচারীরা বিমোহিত। গাছে সবুজ কচি পাতার ফাঁকে শোভা পাচ্ছে এ নান্দনিক ফুলটি।

কালের পরিক্রমায় এ সোনালু গাছ হারিয়ে যেতে বসেছে পাড়া মহল্লা থেকে। কম সংখ্যক গাছ চোখে পড়ে। শীতকালে পাতা ঝরে সোনালু গাছ থাকে পত্র শুন্য এবং বসন্তের শেষে ফুল কলি ধরার পূর্বে গাছে গাছে নতুন পাতা গজায়। সোনালী ফুল ফুটে সোনালী আলোকচ্ছটায় চারপাশ আলোকিত হয়ে পড়ে । গাছের শাখা-প্রশাখা জুড়ে ঝুলন্ত মঞ্জুরিতে সোনালী হলুদ রঙের ফুল ফুটে। এই মৌসুমে গাছে সবুজ ঝেড়ে ফেলে উৎফুল্ল হলুদ ছড়িয়ে দেয়।

বৈশাখ মাসে প্রতিযোগিতা শুরু করে দেয় জারুল-কৃষ্ণচূড়ার সঙ্গে সোনালু ফুলও। তবে হরিদ্রাবর্ণের এই ফুল মানুষকে মুগ্ধ করে। সরিষা রংয়ের প্রতিটি ফুলে থাকে পাঁচটি পাপড়ি। ফুলের আকৃতি অনেকটা আঙুলের ডগার মতো। এ কারণে অনেকে সোনালুকে কর্ণিকার নামে ডাকে।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর