ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় দুই যাত্রী প্রাণ হারিয়েছেন। শুক্রবার (৯ মে) সকালে বাসে ওঠার মুহূর্তে পেছন থেকে আসা রডবাহী ট্রাকের ধাক্কায় নিহত হন মো. হোসেন ও সায়াত শেখ।
সাভার হাইওয়ে থানার ওসি জানান, নিহতরা সার্ভিস লেন পেরিয়ে মূল সড়কে উঠে একটি চন্দ্রাগামী বাস থামানোর সংকেত দেন। যাত্রী ওঠার সময় বাসটি সড়কে দাঁড়ালে, পেছন থেকে দ্রুতগতির একটি রডবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসে ওঠার চেষ্টারত অবস্থায় ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং জড়িত বাস ও ট্রাক থানায় নিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ।
