এবার আইপিএল ২০২৭ মৌসুমের আগে কোচিং প্যানেলে বড় পরিবর্তন আনছে মুম্বাই ইন্ডিয়ান্স। কোচিং স্টাফ থেকে লাসিথ মালিঙ্গা, পরশ মামব্রে ও ফিল্ডিং কোচ কার্ল হপকিনসকে ছেড়ে দিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
২০২৪ সালে বোলিং কোচ হিসেবে শেন বন্ডের স্থলাভিষিক্ত হন মালিঙ্গা। তার সময়ে ২০২৪ মৌসুমে দশম, ২০২৫ আইপিএলে চতুর্থ এং ২০২৬ সালের আসরে নবম স্থানে থেকে শেষ করে মুম্বাই।
মালিঙ্গা কোচিংয়ের আগে মুম্বাইয়ের হয়ে ৯টি মৌসুমে খেলেছেন । দলটির অন্যতম কিংবদন্তি এই পেসার চারটি আইপিএল শিরোপা জয়ের অভিযানে বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন। ২০১১ সালের চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি শিরোপা জয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
বিবৃতিতে মালিঙ্গাকে দলের ইতিহাসের অন্যতম আইকনিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছে মুম্বাই। বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, ‘মুম্বাইয়ের বোলিং আক্রমণের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি চারটি আইপিএল শিরোপা ও ২০১১ সালের চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মালিঙ্গা। পরে মেন্টর ও কোচ হিসেবেও ফিরেছিলেন তিনি। তার আবেগ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতা ও দলের প্রতি নিবেদন প্রজন্মের পর প্রজন্মের ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছে বলেও জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।’
পরশ মামব্রে ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে কাজ করেন। এরপর ২০২৪ সালে আবারও ফ্র্যাঞ্চাইজিটিতে ফেরেন ভারতের সাবেক বোলিং কোচ। দুই মেয়াদেই দলের বোলারদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
অন্যদিকে, ইংল্যান্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে ২০২৫ মৌসুমের আগে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন কার্ল হপকিনসন। তার দায়িত্ব ছিল দলের ফিল্ডিংয়ের মান উন্নত করা।
চলতি মাসেই প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মুম্বাই ইন্ডিয়ান্স। জয়াবর্ধনের বিদায়ের পর ব্যাটিং কোচ থেকে প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার কাইরন পোলার্ড।
