চুয়াডাঙ্গায় ব্যবসায়ীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রায়হান উদ্দিন (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে।
ব্যবসায়ী রায়হান উদ্দিন উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের ঘোষপাড়ার ইসলামের ছেলে।
শুক্রবার (২ ফেব্রুয়ারী) দুপুরে রায়হান উদ্দিনের ঝুলন্ত মরদেহ পু‌লিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান।
পরিবারের সদস্যরা বলেছেন, বৃহস্পতিবার রাতে বড় মেয়ের বিবাহবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করে পরিবারের সদস্যরা। রাতে কেক কাটাকে কেন্দ্র করে রায়হান ও তার স্ত্রী সুলেখার মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এঘটনায় রাতেই স্ত্রী সুলেখা বাপের বাড়ি চলে যান। পরে স্বামী রায়হান আত্মহত্যা করেছেন শুনে স্ত্রী আবার ওই রাতেই বাড়ি ফি‌রে আসেন।
আলমডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ রায় নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, তিনি ঋণগ্রস্থ ছিলেন। এতে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী বাপের বাড়ি চলে যায়। এরই জের ধরে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বিস্তারিত জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।