ছেলের ছুরিকাঘাতে মা নিহত

রাজধানীর তুরাগ বাউনিয়া মাদবরবাড়ি এলাকায় ছেলের ছুরিকাঘাতে মা দিনু বেগম (৪০) নিহত হয়েছেন। রবিবার সকালে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৬ টা ২০ মিনিটে দিনু বেগমকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, দিনু বেগমের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিহতের স্বামী নুরুল আমিন বলেন, রবিবার ভোরে দিনু রান্না করতে যায়। সে সময়ে ছেলে জিহাদ ঘরের থেকে একটি ছুরি নিয়ে তার মাকে ছুরিকাঘাত করে। এসময় দিনুর চিৎকার শুনে দৌড়ে যাই, ততক্ষণে ছেলে জিহাদ পালিয়ে যায়।
তিনি আরও বলেন, তিনি পেশায় দিন মজুর, তার স্ত্রী দিনু বাসা-বাড়িতে কাজ করতেন। তার বড় ছেলে জিহাদ (২৫) চার বছর যাবত মানসিক রোগী। অনেক চিকিৎসাও করানো হয়েছে। মাঝেমধ্যে ভালো থাকে, আবার মাঝেমধ্যে পাগলামি করে। দুই ছেলে তিন মেয়ের মধ্যে জিহাদ বড়।

এনএএন টিভি

Share this news as a Photo Card