তালায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ মতবিনিময় সভা

সাতক্ষীরার তালায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে তালা শিল্পকলা একাডেমি হলরুমে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি প্রত্যেক ওয়ার্ডে সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন এবং বলেন, “আমি পুনরায় নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো। সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।” এ সময় তিনি উপস্থিত নেতা-কর্মীদের অন্যায় ও অনৈতিক কাজ থেকে বিরত থাকার শপথ পাঠ করান। সভায় উপস্থিত সকলে হাত তুলে সেই শপথ পাঠে অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান। যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান ও আনিচুর রহমান আনিচ এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু,  কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. মারুফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম, ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান, তালা থানা ছাত্রদলের সদস্য সচিব এস. কে. ফারুক ।

সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এনএএন টিভি / সেলিম হায়দার