দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত, আহত ১

ময়মনসিংহের হালুয়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে এবং গুরুতর আহত আরো এক আরোহীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।৯ জানুয়ারী-২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলা ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকার লিয়াকত আলীর পুত্র আল-আকসা (৩৫) ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের গোয়ালকান্দি এলাকার মোখলেছুর রহমানের পুত্র শাকিল (২৫)। এই ঘটনায় গুরুতর আহত সানকিপাড়া এলাকার আবুল হাশেমের পুত্র মাহমুদ ফারাবী (৩২) হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফায়ার সার্ভিসের সামনে বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহমুখী অবস্থায় দাঁড়ানো ছিল। ভোরে ঘন কুয়াশার ভেতর দ্রুত গতিতে আসা তিন আরোহীসহ মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে ছিটকে নিচে চলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুইজনকে মৃত অবস্থায় ট্রাকের নিচ থেকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় অন্য একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এসময় নিহতদের ব্যাগে প্রায় ২৫ বোতল ভারতীয় চোরাই মদ ছিল।বোতলগুলো দুর্ঘটনায় ভেঙে গেলেও ১ টি বোতল অক্ষত ছিল।স্থানীয়দের ধারনা এরা মাদক ব্যবসায় জড়িত থাকতে পারে। ভোরের আলো ফুটার আগেই মদের চালান নিয়ে ময়মনসিংহ শহরে যাওয়ার উদ্দেশ্যেই দ্রুত মোটরসাইকেল চালাচ্ছিল।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের সোহেল জানান, এ ঘটনায় ট্রাক ও মোটরসাইকেল জব্ধ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক)হাসপাতালে পাঠানো হয়েছে।

এনএএন টিভি / সুমন ইসলাম