দুই চিকিৎসকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মির্জাগঞ্জে বিক্ষোভ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা সামসুল ইসলাম সোহেল ও চিকিৎসা কর্মকর্তা উমর ফারুকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

আজ বুধবার বেলা ১১টার দিকে সুবিদখালী সরকারি কলেজের সামনে ‘সর্বস্তরের জনগণ’–এর ব্যানারে এই কর্মসূচি শুরু হয়।

একই দাবিতে গতকাল মঙ্গলবার সকালে বরগুনা-বাকেরগঞ্জ সড়কের সুবিদখালী রহমান ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীর।

আন্দোলনকারীরা জানান, সম্প্রতি স্থানীয় একটি স্বার্থান্বেষী মহলের দ্বারা প্রভাবিত হয়ে একটি বেসরকারি টেলিভিশনে প্রতিবেদন প্রচারিত হয়েছে। এতে হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা সামসুল ইসলাম ও উমর ফারুকের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। ওই প্রতিবেদন প্রচারের পর কোনো তদন্ত ছাড়াই ওই দুজনকে অন্যত্র বদলির আদেশ দেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। মিথ্যা অভিযোগে হঠাৎ করে এভাবে দুজন গুণী চিকিৎসকের বদলি সাধারণ মানুষ মেনে নেবে না। তা ছাড়া এ আদেশ কার্যকর হলে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা তীব্রভাবে ব্যাহত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, হঠাৎ দুজন চিকিৎসক বদলি হওয়ায় চিকিৎসাসেবা ব্যাহত হবে। তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া উচিত।

এনএএন টিভি