এসএসসি পরীক্ষার্থী বন্ধুকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে গিয়ে ট্রাকচাপায় শাহরিয়ার নাফিস নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নাফিসের বন্ধু মাহাফুজ। আহত মাহফুজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত নাফিস বিজ্ঞান ও আহত মাহফুজ মানবিক বিভাগের পালশা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
বুধবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার আনুলিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাফিস উপজেলার পালশা বাগিছাপাড়া গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে। এছাড়া আহত মাহফুজ একই গ্রামের নান্টুর ছেলে।
স্থানীয়রা জানান, নাফিস ও মাহফুজ দুই বন্ধু। তারা দুজনেই পালশা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সকালে মাহফুজের ভূগোল বিষয়ের পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষা না থাকলেও নিজ বাড়ি থেকে নাফিস ও তার বন্ধু মাহফুজকে মোটরসাইকেলযোগে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছিল। পরীক্ষাকেন্দ্রের অদূরে স্কুল মোড়ে মোটরসাইকেল নিয়ে পৌঁছালে বিপরীতমুখী থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এসময় ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাফিসের। আর মাহফুজ গুরুতর আহত হয়।
দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Comments are closed.