পানি ও জলবায়ু অধিকার নিশ্চিতকরণে বাজেটে বৈষম্য বন্ধের দাবিতে পাইকগাছায় মানববন্ধন

খুলনা জেলার উপকূলীয় উপজেলা পাইকগাছা। যেখানে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা এবং নিরাপদ পানির সংকট বহুদিন ধরেই জনজীবনে নানামুখী দুর্ভোগ তৈরি করে আসছে।
এ পরিস্থিতির প্রতিবাদে ও সমাধানের দাবিতে বুধবার সকালে পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের সামনে ওয়াবদা বেড়িবাঁধে “পানি ও জলবায়ু অধিকার নিশ্চিত করো, বাজেটে বৈষম্য বন্ধ করো !” এই স্লোগানে ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি ও অব.সহকারী অধ্যাপক জিএমএম আজহারুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সদস্য ও সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল এর সঞ্চালনায় এসময় বক্তৃতা করেন, মা-সদস্য প্রতিনিধি লাবণী দাশ, নাজমা আক্তার, ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের লিল্টু রাণী মন্ডল। সার্বিক সহযোগিতায় ও তত্ত্বাবধায়নে ছিলেন,উপজেলা কো- অর্ডিনেটর পিন্টু চন্দ্র দাস।  মানববন্ধনের মাধ্যমে পানিসংকট, জলাবদ্ধতা ও বাজেট বৈষম্যজনিত সমস্যার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। ‘অ্যাকশন টু ক্লাইমেট চেঞ্জ এনসিউরিং সাসটেইনেবল সলিউশন (অ্যাকসেস)’ প্রকল্পের অধীনে মানববন্ধনের আয়োজন করে জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা ডর্‌প এবং এতে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশ।মানববন্ধনে বক্তারা বলেন, “টেকসই বেড়িবাঁধ নির্মাণ ছাড়া পাইকগাছার জলাবদ্ধতা কোনোভাবেই নিরসন করা সম্ভব নয়। জলাবদ্ধতা থেকে সৃষ্ট স্থায়ী জলাবসান মাটির উর্বরতা ধ্বংস করছে এবং একে ঘিরেই ধ্বংস হচ্ছে আমাদের পানির উৎসগুলো। আজ যদি এই সংকট সমাধানে কার্যকর বাজেট বরাদ্দ ও বাস্তবায়ন না হয়, তাহলে অদূর ভবিষ্যতে এ জনপদ নিরাপদ পানির অভাবে বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে।
তাই এখনই সময় বাজেট বৃদ্ধি এবং তার সঠিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার। মানববন্ধনের দাবি  হলো সরকারি খাস পুকুর সমূহকে জনগণের নিরাপদ পানির উৎস হিসেবে ব্যবহার নিশ্চিত করতে যথাযথ বরাদ্দ, সংস্কার ও রক্ষণাবেক্ষণ, জলাবদ্ধতা নিরসনে টেকসই অবকাঠামো গঠন ও বাজেট বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ, দীর্ঘস্থায়ী ও পরিবেশবান্ধব বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে জলবায়ু দুর্যোগ প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলা, পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করতে সিএসও ও সিবিওদের সক্রিয় অংশগ্রহণ। এই মানববন্ধনে মা সংসদ, স্বাস্থ্য গ্রাম দল, ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব, স্থানীয় সাংবাদিক, নাগরিক সমাজ এবং সচেতন জনগণসহ প্রায় ৫০ জনের বেশি ব্যক্তি অংশগ্রহণ করেন। তারা হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে বিভিন্ন শ্লোগানের মাধ্যমে তাদের ক্ষোভ ও দাবি প্রকাশ করেন। ####
এনএএন টিভি  / তৃপ্তি রঞ্জন সেন

Share this news as a Photo Card