ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনার অধীনে থাকা বাণিজ্য চুক্তি যদি চূড়ান্ত না হয়, তাহলে ভারতের পণ্যে শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ পর্যন্ত করা হবে।
বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি না হলে ভারতীয় পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে মঙ্গলবার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মূলত ভারতীয় পণ্যের ওপর ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপ হবে কি না একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করলে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি তাই মনে করি। ভারত— ওরা আমার বন্ধু।”
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সোমবার সিএনবিসিকে বলেন, ভারতের সঙ্গে একটি কার্যকর বাণিজ্য চুক্তি অর্জনের জন্য আরও আলোচনা প্রয়োজন। তিনি বলেন, “তারা তাদের বাজারের কিছু অংশ উন্মুক্ত করতে আগ্রহ দেখিয়েছে, আমরাও আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। তবে আমাদের ভারতীয় বন্ধুদের সঙ্গে আরও কিছু দরকষাকষি করতে হবে, দেখতে হবে তারা কতদূর এগোতে চায়।”
প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার বলেন, পৃথক বাণিজ্য চুক্তি না হলে অধিকাংশ অংশীদার দেশকে যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হবে, যা চলতি এপ্রিলের ১০ শতাংশ গড় শুল্কের তুলনায় অনেক বেশি। তাঁর প্রশাসন খুব শিগগিরই প্রায় ২০০টি দেশকে নতুন ‘‘বিশ্ব শুল্ক’’ হার সম্পর্কে অবহিত করবে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়র সিএনবিসিকে জানান, ভারতের সঙ্গে আরও আলোচনার প্রয়োজন রয়েছে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প ‘দ্রুত নয়, ভালো চুক্তি’ চান।
ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় ‘দারুণ অগ্রগতি’ হয়েছে। ভারত বেশকিছু পণ্যে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে এবং অশুল্ক বাধা সহজীকরণে কাজ করছে।
তবে কৃষি ও দুগ্ধ খাত রয়ে গেছে ‘নিষিদ্ধ’ তালিকায়। জিন-পরিবর্তিত সয়াবিন বা ভুট্টা আমদানি কিংবা দুগ্ধ খাত উন্মুক্ত করতে ভারত রাজি নয় বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১২৯ বিলিয়ন ডলার, যেখানে ভারতের বাণিজ্য উদ্বৃত্ত ছিল প্রায় ৪৬ বিলিয়ন ডলার।
ব্রিকস দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকি, বিশেষ করে ডি-ডলারের ব্যবহার ও রাশিয়া থেকে তেল আমদানির মতো ইস্যুকে সামনে রেখে ভারত নতুন প্রস্তাব দেওয়া থেকে আপাতত বিরত রয়েছে। কর্মকর্তারা জানান, ভারত এমন একটি চুক্তি চায়, যেখানে ভারতীয় রপ্তানিকারকরা প্রতিযোগী দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রে সুবিধাজনক অবস্থানে থাকবে।
একজন কর্মকর্তা বলেন, ‘আমরা এখন এমন একটি চুক্তি চাই, যা আমাদের রপ্তানিকারকদের জন্য যুক্তরাষ্ট্রে তুলনামূলক বিশেষ সুবিধা নিশ্চিত করবে।’
এই বিষয়ে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি অফিস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য দেয়নি। তবে উভয় পক্ষেরই ‘আলোচনার টেবিলে’ থাকার বিষয়টি নিশ্চিত করেছে বিভিন্ন সূত্র।

One Reply to “ভারতের ওপর এবার ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের”
Comments are closed.