পাবনার ভাঙ্গুড়ায় মদপানে ২ জনের মৃত্যু

পাবনার ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে অতিরিক্ত মদপানে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) রাতে এক ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম মদপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন: উপজেলার চর ভাঙ্গুরা গ্রামের রামচন্দ্র ঘোষের ছেলে রবিন ঘোষ (২৫) ও মানিক চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী (১৭)।

স্থানীয়রা জানায়, দুর্গাপূজার উৎসব পরবর্তী আনন্দ করতে গিয়ে সোমবার সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদপান করে অসুস্থ হয়ে পড়েন উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের ঘোষপাড়ার পাঁচ যুবক। তারা পরস্পরের বন্ধু। তাদের প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে নেবার পথে হৃদয় চৌধুরীর মৃত্যু হয়। আর রবিন ঘোষকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. উজ্জ্বল হোসেন বলেন, ‘দুজন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। আর গুরুতর অসুস্থ তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘মদপান করে পাঁচজন অসুস্থ হয়েছিল। তার মধ্যে দুজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে পোঁছে মরদেহের সুরতহাল প্রস্তুত করেছে। আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

এনএএন টিভি

Share this news as a Photo Card