প্রেমের টানে শ্রীলঙ্কান যুবক বাংলাদেশে

পটুয়াখালীর দশমিনায় সুবর্ণা আক্তার নামের এক বাংলাদেশি তরুণীর প্রেমের টানে ছুটে এসেছেন শ্রীলঙ্কার যুবক দিলশান মাদুরাঙ্গা। বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশে আসেন তিনি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সামাজিক ও ধর্মীয় রীতি মেনে পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে হয়।

দিলশান মাদুরাঙ্গা শ্রীলঙ্কার কুরুনাগাল জেলার দুমমলচুরিয়া থানার ন্যাবটাকা উডুবাগদা গ্রামের লাকমালের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্য গছানী গ্রামের নিজাম উদ্দিন সিকদারের মেয়ে সুবর্ণা পাঁচ বছর আগে কাজের সন্ধানে জর্ডানে যান। সেখানে গিয়ে তিনি পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন।

একই পোশাক কারখানায় সুপারভাইজার হিসেবে কাজ করতেন দিলশান মাদুরাঙ্গা। কাজের সুবাদে পরিচয় হয় তাদের। পরে হয় প্রেম।

গত এক মাস আগে বাংলাদেশে চলে আসেন সুবর্ণা। এর মধ্যে বুধবার সকালে পটুয়াখালী আসেন দিলশান।

পরে উভয়ের সম্মতিতে বৃহস্পতিবার পটুয়াখালী নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়।

একই দিনে সুবর্ণার বাড়িতেও ইসলামি রীতি মেনে হয় বিয়ে।

এ বিষয়ে দিলশান মাদুরাঙ্গা ওরফে দিলশান ইসলাম বলেন, ‘আমরা দুজন একই সঙ্গে কাজ করতাম। সেখানেই আমাদের পরিচয় হয়। পাঁচ বছর ধরে সম্পর্ক। ভালোবাসাকে নিজের করে পেতে বাংলাদেশে এসেছি। এখানকার পরিবেশ ও রীতি নীতি বেশ উপভোগ্য। পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়েছে।’

সুবর্ণার বাবা নিজাম উদ্দিন সিকদার বলেন, আমার মেয়ের সুখেই আমার সুখ। এখানে আমার কিছুই বলার নেই। ওরা ভালে থাকলেই হবে।

এনএএন টিভি

Share this news as a Photo Card