বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে দেবী সরস্বতীর পূজা

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়ির কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরে উদযাপিত হচ্ছে দেবী সরস্বতীর পূজা।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বুধবার (১৪ ফেব্রুয়ারি,২০২৪ইং) সকালে হতে ভক্তরা মন্দিরে ভীড় জমান মায়ের অঞ্জলি নিতে। সনাতন ধর্মমতে, জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী ভক্তদের বিদ্যা-বুদ্ধিতে উদ্দীপ্ত করতে প্রতিবছর ধরাধামে আবির্ভূত হন। এইদিনে সরস্বতীর আরাধনায় সময় পার করেন ভক্তরা। ঢাক-ঢোল-কাঁসর-শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠে দেশের বিভিন্ন পূজামণ্ডপ।

শাস্ত্র মতে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা করা হয়। শ্বেতশুভ্র বসনা সরস্বতী দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা থাকে। এ জন্য তাকে বীণাপাণিও বলা হয়। সনাতন ধর্মালম্বীদের মতে- দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।

সরস্বতী পূজা উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির বিভিন্ন মন্ডপে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দির, শান্তিনগর গীতা আশ্রমম মন্দিরসহ জেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্যান্য অনুষ্ঠানমালায় রয়েছে- পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জা।

 

এনএএন টিভি / বিপ্লব তালুকদার