বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবি জানাল বিএফএ

বিদ্যমান সার সরবরাহ নীতিমালা বহাল রাখার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) নীলফামারী জেলা ইউনিট। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন তাপস কুমার সাহা সংগঠনের সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ইউনিটের সভাপতি মো. আব্দুল ওয়াহেদ সরকার রজব আলী আহমেদ, পলি রানী রায় চিত্র সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ৩২ বছর ধরে বিদ্যমান নীতিমালার আওতায় কৃষকরা সরকার নির্ধারিত দামে সময়মতো সার পেয়ে আসছেন। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকের আর্থিক স্বাচ্ছন্দ্য বজায় রাখা সম্ভব হয়েছে।
বিএফএ নেতারা অভিযোগ করেন, সংবাদমাধ্যমে প্রকাশিত সার বিতরণ নীতিমালা–২০২৫ কার্যকর হলে কৃষক পর্যায়ে সার সংকট দেখা দিতে পারে। নতুন নীতিমালায় ডিলার নিয়োগ ও পুনঃনিয়োগের জটিলতা তৈরি হলে কৃষকেরা ভোগান্তিতে পড়বেন এবং কৃষি উৎপাদন ব্যাহত হবে।
বক্তারা জানান, ব্যাংক ঋণ, দোকান ভাড়া, কর্মচারীর বেতন ও পরিবহন খরচ ক্রমেই বাড়ছে। এর সঙ্গে নতুন নীতিমালা যুক্ত হলে ডিলাররা মারাত্মক আর্থিক চাপে পড়বেন, ফলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।
বর্তমান নীতিমালার আওতায় কৃষক ও ডিলারদের মধ্যে নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে উল্লেখ করে নেতারা বলেন, কৃষকের চাহিদা অনুযায়ী ডিলাররা সময়মতো সার সরবরাহ করছেন। নতুন নীতিমালা কার্যকর হলে এ সম্পর্ক ভেঙে যাবে এবং সার বিতরণ প্রক্রিয়া জটিল হয়ে উঠবে।
বিএফএ নেতারা কৃষকের স্বার্থ ও দেশের খাদ্য নিরাপত্তার কথা বিবেচনা করে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার জোর দাবি জানান। একই সঙ্গে সার বিতরণ নীতিমালা–২০২৫ প্রণয়নের উদ্যোগ থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানান তারা।
এনএএন টিভি / ওমর ফারুক

Share this news as a Photo Card