মহান মে দিবসের বিপ্লবী চেতনায় ময়মনসিংহে ট্রেড ইউনিয়ন সংঘের র‍্যালী সমাবেশ অনুষ্ঠিত

১৩৯ তম মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলা কমিটির উদ্যোগে১ মে শ্রমিক সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়। শহরের ছোটবাজারে সকাল ১১ টায় শ্রমিক সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি এডভোকেট হারুন-অর-রশিদ এবং সমাবেশটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন। দুপুর ১২ টায় র‍্যালী অনুষ্ঠিত হয়। মে দিবসের স্লোগান ও বক্তব্য সম্বলিত বিভিন্ন ফেস্টুন ও ব্যানার সজ্জিত র‍্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা কমিটির সভাপতি মাহতাব হোসেন আরজু, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মুখলেছুর রহমান দুলাল ও সাধারণ সম্পাদক বাবলী আকন্দ এবং ইউনিয়নের নেতা শাহ আলম, ইমান আলী; পাওয়ার স্টেশন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রুহুল আমিন, হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি সারোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান, রিকসা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আছির উদ্দিন কোরবান, মটরসাইকেল ওয়ার্কসপ মেকানিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুস শহিদ ও জেলা কমিটির সদস্য বাবুল মিয়া। সমাবেশে নেতৃবৃন্দ বলেন- ১৩৮ বছর আগে শ্রম দাসত্বের বিরুদ্ধে মহান মে দিবসের যে আন্দোলনের সূচনা হয়েছিল, তা আজও চলমান রয়েছে। আট ঘন্টা শ্রম দিবস আজ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত থাকলেও দেশের ব্যাপক শ্রমিক ও শ্রমজীবী মানুষরা তা ভোগ করতে পারছে না। এ প্রেক্ষিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আরও বলেন, মে দিবসের বিপ্লবী চেতনা খর্ব করার জন্য মালিক শ্রেণি পরিকল্পিতভাবে এই দিবসটিকে নিছক আনুষ্ঠানিকতার মধ্যে ফেলে দিতে চায়। এক্ষেত্রে দালাল সুবিধাবাদী ট্রেড ইউনিয়ন নেতৃত্বদের সরকার ও মালিক শ্রেণি পরিকল্পিতভাবে কাজে লাগাচ্ছে। এর বিরুদ্ধে মহান মে দিবসের বিপ্লবী চেতনায় সৎ, সংগ্রামী আপসহীন নেতৃত্ব প্রতিষ্ঠার আহবান জানান নেতৃবৃন্দ।

 

এনএএন টিভি / কামাল