সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা বরগুনার সেই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া আওয়ামী লীগ নেতার নাম মো. জাহাঙ্গীর কবির। তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান।
বুধবার বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ভোরে ঢাকা থেকে একটি পুলিশের দল এসে তাকে গ্রেফতার করে।
তবে কী কারণে গ্রেফতার করা হয়েছে তা জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।
গত সোমবার ভারতে অবস্থান করা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন এই নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে শোনা যায় শেখ হাসিনা জাহাঙ্গীর কবীরকে বলছেন, ‘আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবেন।’
এ সময় মো. জাহাঙ্গীর কবীর শেখ হাসিনাকে বলেন, ‘আপা আপনি (ঘাবড়াবেন না) অর্থাৎ মনোবল হারাবেন না। আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই। আমরা শক্ত আছি।’
গত ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। এরপর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।
আরও পড়ুন:
১. আজ আবু সাঈদের বাড়িতে যাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
২. পুলিশি নিরাপত্তা পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
