দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন ।
দু’টি উপজেলা ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনের ১৬৮ কেন্দ্রে ফিরোজ আহম্মেদ স্বপন মোট ভোট পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৮২১ ভোট। আর দোলনা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবর রহমান পান ১৫ হাজার ৭০৮ ভোট।
এই নির্বাচনের রিটার্নিং অফিসার ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, রবিবার (৭ জানুয়ারি) সাতক্ষীরা-১ আসনে তালা ও কলারোয়া উপজেলায় মোট ১৬৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ করা হয়।
তালা উপজেলার ১২টি ইউনিয়নের ৯৩টি ও কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৭৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৭২ হাজার ৪৩জন। এর মধ্যে তালা উপজেলায় মোট ভোটার ২ লাখ ৬২ হাজার ৬৩৭জন। কলারোয়া উপজেলায় মোট ভোটার ২লাখ ৯ হাজার ৪০৬ জন।
দুই উপজেলায় মোট ভোট কাস্টিং হয়েছে ২ লাখ ২১ হাজার ২৫। প্রদত্ত মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৯৫হাজার ৮০। এছাড়া বাতিল হয়েছে ৭হাজার ৪৫টি ভোট। মোট ভোট পড়েছে শতকরা প্রায় ৪২.৮১ভাগ।
বেসরকারি ঘোষণায় নির্বাচনে জয়লাভ করে সাতক্ষীরা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন দলের নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভোটাররা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবেসে তার উন্নয়নকে সাধুবাদ জানিয়ে নৌকায় ভোট দিয়েছে, এজন্য তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Comments are closed.