এসএসসি পরীক্ষা ভালো না হওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

টাঙ্গাইলের ভূঞাপুরে চলমান এসএসসি পরীক্ষা ভালো না হওয়ায় গলায় ওড়না পেঁচিয়ে স্বর্ণা খাতুন (১৭) নামের এক স্কুলছাত্রী আত্মহননের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ পরিবারের।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পৌর শহরের বেতুয়া পলিশা এলাকার নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ। স্বর্ণা খাতুন একই গ্রামের রাজমিস্ত্রী সোনা মিয়ার মেয়ে। সে টেপিবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

প্রতিবেশী ও পরিবারের স্বজনরা জানায়, গত বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা ছিল। তার ওই পরীক্ষা ভালো হয়নি বলে বাড়িতে জানায়। এ নিয়ে স্বর্ণা হতাশায় ভুগছিল। শনিবার রাতের কোনও এক সময়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহনন করে থাকতে পারে বলে অভিযোগ তাদের। পরে পুলিশকে খবর দিলে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

স্বর্ণার বাবা সোনা মিয়া বলেন, গত শনিবার রাতে একসঙ্গে খাওয়া-দাওয়া করে নিজ নিজ রুমে শুয়ে পড়ি। রবিবার ভোরে নামাজ পড়ার জন্য ওকে ডাকতে গেলে কোনো সাড়া-শব্দ না পেয়ে পরে ঘরের দরজা খুলে প্রবেশ করে দেখি আমার মেয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।

এ ঘটনায় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্ল্যাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

Share this news as a Photo Card