গাজীপুরের জয়দেবপুরে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে ঢাকার সঙ্গে এ রুটে চলাচলকারী পশ্চিমাঞ্চলের সব ট্রেনের যোগাযোগ বন্ধ রয়েছে।
শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে জয়দেবপুর রেলস্টেশনের রাউটার সিগনালে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে অর্ধশত।তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সংঘর্ষের ঘটনায় বন্ধ রয়েছে এ রুটের ট্রেন চলাচল।
দুর্ঘটনার পর থেকে ওই রুটে কোনো ট্রেন চলছে না বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ের স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার। তিনি জানান, এখন ওই রুটে ট্রেন নেই। আর শুধু জয়দেবপুরে কোনো ট্রেন যাবে না। দুপুরের পরে ওই রুট দিয়ে ট্রেন চলাচল করবে।
স্থানীয়রা জানায়, জয়দেবপুর রেলস্টেশনে মালবাহী ট্রেনটি অপেক্ষমাণ অবস্থায় ছিল। এ সময় যাত্রীবাহী ঢাকা-টাঙ্গাইলগামী একটি আন্তঃনগর ট্রেন এসে অপেক্ষমাণ ট্রেনটির পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষে ৫টি বগি দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত হয় দুই চালক ও দুই সহযোগী। তাদেরকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী।
