কক্সবাজারের সেন্ট মার্টিনের অদূরে সাগরে মাছ ধরার সময় দুটি ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা। মঙ্গলবার (৮ই এপ্রিল) সকাল দশটার দিকে বাংলাদেশ জলসীমানা থেকে তাদের মিয়ানমারে নিয়ে যাওয়া হয়। টেকনাফ পৌরসভা কায়ুকখালী নৌঘাটের সাধারণ সম্পাদক আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আবুল কালাম বলেন, ‘সেন্ট মার্টিনের কাছাকাছি বাংলাদেশ জলসীমানায় মাছ ধরার সময় আরাকান আর্মি অস্ত্রের মুখে জিম্মি করে দুটি মাছ ধরার ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে গেছে। প্রায় সময় বঙ্গোপসাগর ও নাফ নদে মাছ ধরতে নেমে এ ধরনের ঘটনার শিকার হচ্ছেন জেলেরা। বিষয়টি জানার পর বিজিবি ও কোস্টগার্ডের কাছে অবগত করা হয়েছে। দুইটি ট্রলারে মধ্যে আমার একটি আরেকটি শাওন এর মালিকানাধীন।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে ফেরার পথে মিয়ানমার আরাকান আর্মি ৫টি ট্রলারসহ জেলেদের আটক করে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। তার মধ্যে দুইটি ট্রলারের ১১ জন জেলে রয়েছে এবং বাকি ৩ টি ট্রলারের মালিক ও মাঝি-মাল্লাদের তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি।’
উল্লেখ্য, সর্বশেষ গত ২৯শে মার্চ দুপুরে কক্সবাজারে রামু ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রীজ এলাকা দিয়ে আরাকান আর্মি কর্তৃক আটক ৬ জন বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে ৩৪ বিজিবির কাছে। ৬ জনের বাড়ি টেকনাফ পৌরসভা চৌধুরী পাড়া ও দক্ষিণ জালিয়া পাড়া এলাকায়।
