নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে রবিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে এ হামলা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
হামলাকারীরা তাদের ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হাসনাত আবদুল্লাহ হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এই বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, রাত ২টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে এটি ছিনতাইকারীদের কাজ বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে এ ব্যাপারে জানা যাবে এটি আসলে হামলা নাকি ছিনতাই। গাড়িতে যারা ছিলেন তারা জানিয়েছেন, তাদের মোবাইল ও ব্যাগ নিয়ে গেছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম বলেন, রাতে মোগরাপাড়া পার হয়ে পিরোজপুর এলাকায় এমন ঘটনা ঘটেছে বলে জেনেছি। এই বিষয়ে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।
