ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে পথঘাট। বুধবার রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক-মহাসড়ক। রাতভর ঝরতে থাকে বৃষ্টির মত কুয়াশা।
শুক্রবার (৩ জানুয়ারি) ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। হিমালয় থেকে আসা কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। শীত থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে সাধারণ মানুষজন।
শুক্রবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলায় বাতাসের আদ্রর্তা ছিল ১০০ শতাংশ। ঘণ্টায় ১২-১৩ কিলোমিটার বেগে তীব্র ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে জেলার ওপর দিয়ে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২০.২° সেলসিয়াস।
এদিকে ভোর থেকে বেলা আটটা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। এছাড়া সরকারি ও বেসরকারিভাবে জেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।
