কানাডার প্রধানমন্ত্রীর নাম জাস্টিন ট্রুডোর। একই নাম রয়েছে আরও অনেকের। যাদের বসবাস বিশ্বের বিভিন্ন জায়গায়। এবার একই নামে পাবনায় ভুয়া জন্মসনদের সন্ধান মিলেছে!
জানা যায়, পাবনা জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন থেকে জাস্টিন ট্রুডো নামে ইস্যু করা হয়েছে জন্মনিবন্ধন সনদ। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি প্রশাসনের।
স্থানীয়রা বলছেন, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যার-তার নামেই ভুয়া জন্মনিবন্ধন দেওয়া হয়। পরিষদের চেয়ারম্যান মারা যাওয়ার পর ইউপি সচিব ও কম্পিউটার অপারেটর নিলয় হোসেনের ছত্রছায়ায় এইসব জন্মনিবন্ধন দেয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তারা।
ইউনিয়ন পরিষদে সরেজমিনে পরিদর্শনে গেলে কম্পিউটার অপারেটর নিলয় হোসেনকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়নি। ইউপি সচিব আওলাদ হাসানের দাবি, তার অগোচরেই হয়ত কম্পিউটার অপারেটর নিলয় এসব অনিয়মগুলো করেছেন।
এব্যাপারে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Comments are closed.