ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় শিক্ষার্থীদের চাপা দিয়েছে একটি প্রাইভেটকার। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
রবিবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, তৃতীয় টার্মিনালের সামনের রাস্তা দিয়ে একদল শিক্ষার্থী হেঁটে যাচ্ছেন। এ সময় পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তাদের চাপা দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী রাস্তায় পড়ে আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন।
এ বিষয়ে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান গণমাধ্যমে বলেন, দুর্ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং প্রাইভেটকারটি আটক করেছে। ঘটনার পর প্রাইভেটকারের চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান।
