কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, কিন্তু তা ছিনিয়ে নেওয়া হয়েছে। আল্লাহর শুকরিয়া যে মানুষ তাদের এত ভালোবাসা দিয়েছেন। জাতীয় নির্বাচনে নিজেদের ভুলত্রুটি ও দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করা গেছে। ভবিষ্যতে যেন একই ভুলের পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এই দেশ কুরআনের ভিত্তিতে পরিচালিত হবে, ইনশাআল্লাহ। এজন্য সবাইকে সঙ্গে নিয়ে সত্, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করতে হবে। আল্লাহ যেন তার রহমতের চাদরে সবাইকে আবৃত রাখেন এবং সহযোগিতা করেন।

রাজধানীতে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল শুক্রবার ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জামায়াত আমির ঢাকার রুকন সম্মেলনে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবার সুবিধাসম্পন্ন ‘নাগরিক সেবা’ অ্যাপ উদ্বোধন করেন।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান আরও বলেন, যাদের প্রার্থী করা হয়েছে, তাদের মধ্যে আল্লাহর দেওয়া জ্ঞানের বড় নিয়ামত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়ে তুলতে হবে। কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, সামনে সিটি নির্বাচনে আমাদের সর্বোচ্চ দিয়ে ও দিনরাত একাকার করে কাজ করতে হবে। জাতীয় নির্বাচনের ভুলগুলো নিয়ে পর্যালোচনা হয়েছে। এবার এগুলোর আলোকে কাজ করলে আশা করি আর ভুল হবে না। এই দেশের জনগণই ঠিক করবে, দেশ কারা পরিচালনা করবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য দেন জামায়াতে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের নেতা রফিকুল ইসলাম খান, মোবারক হোসেন, নুরুল ইসলাম বুলবুল, ডাকসু ভিপি সাদিক কায়েম প্রমুখ।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card