রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) ‘শাটডাউন’ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আজ রবিবার দুপুরে মেডিক্যাল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এই ঘোষণা দেন তারা।
হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় মিটফোর্ডে বহিরাগতদের প্রবেশ ঠেকানো ছাড়াও ফুটপাতের দোকান উচ্ছেদ ও আনসার বাহিনীকে আরো সক্রিয় করার দাবি জানান শিক্ষার্থীরা।
এদিকে মিটফোর্ড হাসপাতাল চত্বরে নিরাপত্তা সংকটের প্রতিবাদে এক দিনের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
গত বুধবার (৯ জুলাই) মিটফোর্ডের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) ৩ নম্বর গেইটের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। এরপর থেকেই এই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিক্ষোভকারীরা বলেন, ‘রোগী চিকিৎসা নিতে এসে নিরাপত্তাহীনতায় ভুগবে, আর আমরা ক্লাস করতে এসে আতঙ্কে থাকব—এটা হতে পারে না। আমরা চাই দ্রুত পদক্ষেপ, না হলে শাটডাউন চলবে।’
প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইতোমধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরাসহ দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।
এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার নতুন করে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
তবে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হলে তারা ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে শাটডাউন কর্মসূচি কঠোরভাবে চালিয়ে যাবেন।

2 Replies to “মিটফোর্ড হাসপাতাল অনিদিষ্ট কালের জন্য শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের”
Comments are closed.