ঢাকা সহ পাঁচ বিভাগের অনেক স্থানে আজ বিকেলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানীতে গতকাল রাতে ১৫ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। দুই দিন বৃষ্টি কমে গেলেও গতকাল রাত থেকে আবার বৃষ্টি বেড়েছে। আজ রোববার সকাল থেকেই উপকূলীয় জেলা কক্সবাজারসহ নানা স্থানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের পাঁচ বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। রাজধানীতেও আজ বিকেলের দিকে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। সেই পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে থাকতে পারে দমকা হাওয়া। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানেও আজ বৃষ্টির সম্ভাবনা আছে। পাঁচ বিভাগের কোনো কোনো স্থানে আজ ভারী বর্ষণের কথাও বলেছে আবহাওয়া অফিস।

অপর এক পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাব দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ণষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

সাগরের লঘুচাপ এবং মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় বৃষ্টি হয় অপেক্ষাকৃত বেশি। এর মধ্যে ৮ জুলাই ৪৪০ মিলিমিটার বৃষ্টি হয় ফেনীতে। এ বৃষ্টি ছিল ওই অঞ্চলে এ বছরের সর্বোচ্চ। ভারী বৃষ্টির কারণে ফেনীতে বন্যার সৃষ্টি হয়। নোয়াখালীর বিভিন্ন এলাকায় জলবাদ্ধতার সৃষ্টি হয়। ফেনীর বন্যা পরিস্থিতির এখন একটু উন্নতি হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমে আসে। আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের ৫১টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। দেখা গেছে, গতকাল শনিবার ২৮টি স্টেশনেই কোনো বৃষ্টি হয়নি। তবে গতকাল রাতের দিকে রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হয়।

 

এনএএন টিভি