মিরপুরে সাকিবের পক্ষে-বিপক্ষে মিছিল, ধাওয়া, হট্টগোল

এক পক্ষ স্লোগান দিচ্ছেন ‘সাকিব আল হাসান ভয় নাই, মিরপুর ছাড়ি নাই’, ‘তুমি কে আমি কে, সাকিবিয়ান সাকিবিয়ান’। আবার অন্য পক্ষ স্লোগান দিচ্ছেন ‘সাকিব ভুয়া’, ‘সাকিবের দুই গালে জুতা মারো তালে তালে’। কখনও বা দুই পক্ষের মধ্যে ধাওয়া ও মারামারির ঘটনাও ঘটেছে।

রবিবার (২০শে অক্টোবর) দিনভর রাজধানীর মিরপুরে এ পরিস্থিতি দেখা যায়। সাকিবের দেশের মাটিতে শেষ টেস্ট খেলা ঠেকাতে কিছুদিন ধরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন সাকিববিরোধীরা। পাশাপাশি ‘সাকিবিয়ান’ ব্যানারে একদল সাকিব সমর্থক বিক্ষোভ করছেন সাকিবকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সুযোগ দেওয়ার দাবিতে।

 

আজ সাকিব আল হাসানকে দেশে ফিরে বিদায়ী টেস্ট খেলার সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলনরত ‘সাকিবিয়ান’দের মিরপুরে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করেছেন সাকিববিরোধীরা। এ সময় মারধরের শিকারও হন তারা।

 

এদিকে আজকের দিনের ঘটনার সময় স্টেডিয়ামে চলছিল দক্ষিণ আফ্রিকা দলের অনুশীলন। অনুশীলন শেষে হোটেলে ফেরার সময় মিছিল–স্লোগান ও হট্টগোলের শব্দ কানে গেছে তাদের।

 

সাকিব-ভক্তদের পক্ষ থেকে দাবি করা হয়, তারা শুরু থেকেই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছিলেন। হঠাৎ তাদের ওপর ন্যাক্কারজনকভাবে হামলা হলো। হামলার সময়ে পুলিশ-সেনাবাহিনীর কোনো সহযোগিতা তারা পাননি। এরকম হামলার তীব্র প্রতিবাদ জানান তারা। উল্লেখ্য আগামীকাল সোমবার (২০শে অক্টোবর) থেকে মিরপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট।

Share this news as a Photo Card