মেডিক্যাল শিক্ষার্থীকে গুলি করা সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজে আরাফাত আমিন তমাল নামে তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় শিক্ষক ডা. রায়হান শরীফের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ওই শিক্ষকের বিরুদ্ধে বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন আহত শিক্ষার্থী তমালের বাবা আল আমীন।

সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মামলাটি করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সোমবার রাতে আহত শিক্ষার্থী আরাফাত আমিন তমালের বাবা আল আমিন বাদি হয়ে শিক্ষক রায়হান শরিফ কে আসামী করে মামলা দায়ের করেন। মামলাটি গ্রহণ করা হয়েছে এবং পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত শিক্ষককে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এর আগে সোমবার দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজে ক্লাস চলাকালীন সময়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিস্তল নিয়ে হঠাৎ শিক্ষক রায়হান শরিফ ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে ডান পায়ে গুলি করে। পরে তার চিৎকার শুনে সহপাঠীরা এসে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে।

ক্লাস চলাকালীন সময় ছাড়াও প্রায় সময় তিনি পিস্তল নিয়ে চলাফেরা করতেন এবং শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করতেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

ঘটনার পর ঐ শিক্ষকের বিচার চেয়ে মেডিকেলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শিক্ষক রায়হানকে আটক করে থানায় নিয়ে আসে।

এনএএন টিভি

 

Share this news as a Photo Card