মোটরসাইকেল চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

লালমনিরহাট কালীগঞ্জে মোটরসাইকেল চুরির অপবাদে নির্যাতনের শিকার হওয়ায় অভিমানে বিষপানে আত্মহত্যা করেছেন এক যুবক। নিহত ওই যুবকের নাম নুর আলম (২৮)।

রবিবার (২৫ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর দুল্লার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর আলম ওই এলাকার মৃত নওশের আলীর ছেলে। তার পাঁচ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাত দুইটার দিকে সেলুনের কাজ শেষে বাড়ি ফেরার পথে বাড়ির পাশে দুল্লারবাজারে একটি মটরসাইকেল দেখতে পান নিহত নুর আলম। সেখানে কাউকে না পেয়ে গাড়িটি তার বাড়ির সামনে এনে রাখেন তিনি।পরেরদিন রবিবার সকালে গাড়ির মালিক একই এলাকার আসাদুল খোঁজ পেয়ে তার কাছে এসে মিষ্টি খাওয়ানোর কথা বলে পাঁচ হাজার টাকা দিয়ে মটরসাইকেল নিয়ে যান।

 

মটরসাইকেল নেওয়ার পরে তাকে কৌশলে দুল্লারবাজার ক্লিনিকের সামনে নিয়ে তাকে দেওয়া টাকা হাতিয়ে এলোপাথাড়ি মারধর করেন আসাদুল ও তার বাবা আজিজুল, চাচা নাজুল্লা। একপর্যায়ে অভিমানে ওই যুবক বাজার থেকে বিষ নিয়ে বাড়িতে এসে সবার অজান্তে বিষপান করে আত্মহত্যা করেন।

 

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর বলেন, ‘ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ শুনে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এনএএন টিভি