রাজধানীর রমনার পরীবাগ এলাকায় হিজড়াদের হামলায় পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) চোখ নষ্ট হয়ে গেছে। আহত এসআইয়ের নাম মো. মোজাহিদুল ইসলাম।
শুক্রবার (৩১ মে) দিবাগত রাতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ হিজড়াকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া। তিনি ডিবিসি নিউজকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত চার হিজড়াকে আটক করছে পুলিশ। তিন জনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আটক আরও এক হিজড়াকে আগামীকাল আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, রমনা থানার এসআই মোজাহিদসহ পুলিশের একটি দল পরিবাগ এলাকায় ডিউটি করছিল। এ সময় হিজড়াদের একটি দল ছিনতাইয়ের চেষ্টা করে। সেখানে পুলিশ উপস্থিতি হলে হিজড়ারা পুলিশের ওপর হামলা করে। একপর্যায়ে পুলিশকে ইটপাটকেল নিক্ষেপের পর একটি ইট এসআই মোজাহিদের চোখে গিয়ে পড়ে। এতে মোজাহিদের চোখের চশমার কাচ ভেদ করে চোখ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। এতে তার একটি চোখ নষ্ট হয়ে যায়।
ঘটনার পর এসআই মোজাহিদকে শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। তার চোখের অপারেশন হয়েছে। আরও কয়েকটি অপারেশন লাগবে বলে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
