সপ্তাহ ব্যবধানে আরও তেতে উঠেছে রাজধানীর সবজির বাজার। তবে দাম কমেছে খাসির মাংস ও সব ধরনের মুরগির। আর স্থিতিশীল রয়েছে মাছের দাম।
শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার ও হাতিরপুল কাঁচা বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
শীত মৌসুমের মত রমজানেও হাতের নাগালে ছিল সবজি। তবে ঈদের পর থেকে ফের বাড়তে শুরু করেছে শাক-সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কোনো কোনো সবজির কেজিতে দাম বেড়েছে ৫-১৫ টাকা পর্যন্ত।
বিক্রেতাদের দাবি, শীতকালীন সবজির আনাগোনা শেষ হয়েছে। বাজারে আসতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজি। এ সময় এমনিতেই দাম চড়া থাকে।
রাজধানীর কারওয়ান বাজারের সবজি বিক্রেতা আনিস বলেন,
বাজারে এখনও পর্যাপ্ত পরিমাণে গ্রীষ্মকালীন সবজি আসেনি। আর এসব সবজির উৎপাদন খরচ বেশি হওয়ায় মৌসুমের শুরুর দিকে দাম কিছুটা চড়া থাকে। ধীরে ধীরে কম আসবে।
আরেক সবজি ব্যবসায়ী তরিকুল বলেন, এবার শীতে কৃষকরা লোকসানে ছিলেন। সবজির দাম পাননি তেমন। ফলে তারা গ্রীষ্মকালীন সবজিতে কিছুটা দাম বাড়িয়ে বিক্রি করছেন। এমনিতেও এ সময়ে সবজির দাম কিছুটা বেশি থাকে।
বাজারে মানভেদে প্রতি কেজি করলা ৬০-৭০ টাকা, বেগুন ৫০-৮০ টাকা, বরবটি ৮০ টাকা, কহি ৬০ টাকা, লতি ৭০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, ঝিঙে ৬০ টাকা ও টমেটো ৩০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি পেঁপে ৫০ টাকা, গাজর ৪০ টাকা, শসা ৬০ টাকা, পটোল ৫০-৬০ টাকা, সজনে ডাটা ১০০-১২০ টাকা ও ধনেপাতা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে প্রতি পিস চালকুমড়া ৫০ টাকা ও লাউয়ের জন্য গুনতে হচ্ছে ৬০-৭০ টাকা।
