সেতুর টোল প্লাজায় হামলা, ১৪ লাখ টাকা লুট

রংপুর-লালমানিরহাটের সীমান্তে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় হেলমেটধারি সশস্ত্র ডাকাত দলের হামলায় তিন কর্মচারী আহত হয়েছে। এ সময় ১৪ লাখ টাকা লুটের এবং পুলিশের টহল দলের বিরুদ্ধে নির্বিকার থাকার দাবি করেছেন ইজারাদার। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৭টায় তিস্তা সড়ক সেতুর লালমনিরহাট অংশে অবস্থিত টোল প্লাজায় এই ঘটনা ঘটে।

তিস্তা সড়ক সেতুর টোল প্লাজার ঠিকাদার জানান, বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৩টায় কয়েকজন টোল না দিয়েই মোটরসাইকেল পার করতে চায়। এসময় তারা কর্মচারীদের হুমকি দিয়ে বলে যায়, সব গাড়ি টোল ছাড়াই পার হবে। এরপর রাত সাড়ে ৭টার দিকে ২০-২৫টি মটরসাইকেল যোগে হেলমেটধারী সশস্ত্র ডাকাতদল অতর্কিতভাবে টোল প্লাজায় হামলা চালায়। এ সময় পুরো টোল প্লাজা ভাঙচুর করে তারা। টোল প্লাজার ক্যাশ বাক্সে থাকা দুই দিনের অন্তত ১৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী জানান, আমি পুলিশ ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা হয়েছে।আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ঘটনার সময় পুলিশের নীরব ভূমিকার ব্যাপারে তিনি বলেন, বিষয়টি তদন্ত করার পর বলা যাবে।

এনএএন টিভি