২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে উন্নয়ন সহযোগীদের ৩০০ কোটি ডলারের বেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৭ জুন) দেশের বৈদেশিক ঋণের হালনাগাদ পরিস্থিতি নিয়ে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তৈরি সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে সময়ে বিদেশি ঋণের সুদাসল বাবদ ৩০৬ কোটি ৮১ ডলার পরিশোধ করছে বাংলাদেশ। মূলত এক্ষেত্রে ঋণের আসল পরিশোধ বাবদ খরচ হয়েছে ১৮১ কোটি ডলার, সুদ বাবদ খরচ হয়েছে ১২৫ কোটি ডলার।
তাছাড়া এই পরিশোধের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় যা ৬০ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে ২৪৬ কোটি ডলার সুদাসল পরিশোধ করেছিল বাংলাদেশ।
এছাড়া গত ১১ মাসে বিদেশি ঋণ ছাড় হয়েছে ৭০২ কোটি ডলার; এর মধ্যে ঋণ ৬৬১ কোটি ডলার আর অনুদান সাড়ে ৪০ কোটি ডলার।
দেশের ২০২৪-২৫ অর্থবছরের বাজেটেও ঘাটতি মেটাতে থাকছে বিদেশি অর্থায়নের ওপর নির্ভরতা। যদিও একে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। তাদের যুক্তি, এতে মিলবে কম সুদের ঋণ। সমালোচনার পাশ কাটিয়ে চড়া সুদের ব্যাংক, বন্ড, সঞ্চয়পত্র থেকে সরে এসে, উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাওয়ার আগে যত সম্ভব কম সুদের বিদেশি ঋণ সংগ্রহের তাগিদ দিচ্ছেন তারা।

Comments are closed.