ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকাসহ দেশের ৪৮ জেলার বাজারে অভিযান চালিয়ে ১১৬ প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভোক্তা অধিকার।
এতে বলা হয়, বুধবার ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করা হয়।
এদিন ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদফতরের ৬ জন কর্মকর্তার নেতৃত্বে ৬টি দল বাজারে অভিযান ও বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে।
তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কিচেন মার্কেট এলাকায় ডিম, ব্রয়লার মুরগি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলম।
অভিযানে দেখা যায়, কিছু ব্যবসায়ী পাকা রশিদ সংরক্ষণ ও সরবরাহ করছেন না। দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন করছেন না এবং একই ব্যবসায়ী ভুয়া মানি রিসিপ্ট তৈরি করে বাজারকে অস্বাভাবিক করার চেষ্টা করছেন। এ সব অপরাধের জন্য ৩ টি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়।
এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের মোট ৪৮টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। সারা দেশে ৫৩টি দলের অভিযানের মাধ্যমে ১১৬টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা-অধিকার রক্ষায় অধিদফরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
