বেইলি রোডে আগুনে নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা: দুর্যোগ প্রতিমন্ত্রী

রাজধানীর বেইলি রোডের একটি ভবনে অগ্নিকাণ্ডে নিহতদের দাফনের জন্য আর্থিক সহায়তা দেবে সরকার বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। তিনি বলেন, মর্মান্তিক এ ঘটনায় নিহতদের দাফনের জন্য মন্ত্রণালয় থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শুক্রবার সকাল সোয়া ১০টায় ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি অনুদানের এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, আগুনের ঘটনা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে সঠিক বিচারের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনা সম্ভব হবে।

নিহতদের পরিবারকে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সহায়তা ও সহযোগিতার আশ্বাসও দেন তিনি। আহতদের নিয়ে প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসার জন্য যেখানে যে ধরনের সহযোগিতা প্রয়োজন সরকারের পক্ষ থেকে তা করা হবে।

তিনি আরও বলেন, আগুনের ঘটনার পরপরই সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে। তারা দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

এনএএন টিভি