জুলাই শহীদ পরিবার ও আহতদের সচিবালয়ের সামনে অবস্থান

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা। তাঁরা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করছেন।

আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা প্রথমে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন। দুপুর সাড়ে ১২টায় তাঁরা একটি মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেন। এতে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবস্থান নেওয়া ব্যক্তিরা নানা স্লোগান দেন। এসব স্লোগানের মধ্যে রয়েছে—‘পদত্যাগ পদত্যাগ, পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই’, ‘দফা এক দাবি এক, আসিফ নজরুলের পদত্যাগ’, ‘খুনিরা বাইরে ঘোরে, বিচার বিভাগ কী করে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’।