আগুন লাগার ৪৮ ঘণ্টা পরও রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ির রাসায়নিকের গুদাম থেকে ধোঁয়া বের হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সরেজমিনে গুদামের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা গুদামের ভেতরে প্রবেশের চেষ্টা করছেন।
সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের চার সদস্যকে বিশেষ পোশাক পরে অক্সিজেন মাস্ক নিয়ে গুদামের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। প্রায় ২০ মিনিট পর তাঁরা বাইরে বেরিয়ে আসেন।
দুপুর পৌনে ১২টার দিকে গুদাম থেকে বের হওয়া বিষাক্ত ধোঁয়া পশ্চিম দিকে ভেসে আসছিল। এদিকেই অবস্থান করছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে লুব-৬০ নামের দূরনিয়ন্ত্রিত একটি যন্ত্রের মাধ্যমে বাতাস সৃষ্টি করে ধোঁয়া অন্যদিকে সরানো শুরু হয়। এ সময় গুদামের দিক থেকে রাসায়নিক মিশ্রিত তরল বাইরে বের হতে দেখা যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা বলেন, ভেতরে ‘গ্রাউন্ড সিস্টেম’ স্থাপন করে দিয়ে আসা হয়েছে। গুদামে পানি দেওয়া হচ্ছে। সেই পানি কাদার মতো রাসায়নিক বাইরে বের করে আনছে।
আজও সকাল থেকে ঘটনাস্থলের সামনের রাস্তায় উৎসুক লোকজনের ভিড় রয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা মাইকিং করে বিষাক্ত গ্যাসের বিষয়ে মানুষকে সতর্ক করছেন। সেখান থেকে সবাইকে চলে যেতে বলছেন। লোকজনের ভিড়ে রূপনগর সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।

গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাসায়নিক গুদামে আগুন লাগে। গুদামে আগুন ধরে বিস্ফোরিত হয়ে পাশের চারতলা ভবনে ছড়িয়ে পড়ে। পরে চারতলা ভবনের দোতলা ও তিনতলার বিভিন্ন স্থান থেকে ১৬টি লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাসায়নিক গুদামের মালিক শাহ আলম ও ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে নিহত একজনের পরিবারের পক্ষ থেকে এ মামলা করা হয়। মামলায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।

One Reply to “মিরপুরে আগুন লাগা রাসায়নিকের গুদাম থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে”
Comments are closed.