মির্জা ফখরুল:পতিত আ’লীগ সরকার প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ১৫ বছরে দেশের ক্রীড়াঙ্গনসহ প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন করে যে সুযোগ সৃষ্টি হয়েছে, সে সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। এ সুযোগের মাধ্যমে যেমন দেশকে পুনর্গঠিত করতে হবে, ঠিক তেমনিভাবে দেশের ক্রীড়াঙ্গনকেও এগিয়ে নিতে হবে। দল মত নির্বিশেষে দেশ ও দেশের ক্রিকেটকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। এখানে যেন কোনো প্রকার রাজনৈতিক বিভাজন তৈরি করা না হয়।

শুক্রবার (২০ জুন) বিকালে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বক্তৃতার মঞ্চে অনেক আগেই চলে গেছি। আমার জগতটা এখানে রাজনীতিতে। আমি খেলার মধ্যে রাজনীতি আনার পক্ষে ছিলাম না। খেলাধুলা ও ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত থাকা উচিৎ।

বিএনপি মহাসচিব বলেন, এই স্টেডিয়ামে চমৎকার একটি পরিবেশের সৃষ্টি হয়েছে। একসময় আমিও খেলতাম। আমার সুযোগ হয়েছিল ক্রিকেট বোর্ডের সদস্য হওয়ার। দেশ ও বাইরের বড় বড় খেলোয়াড়রা এ মাঠে খেলেছেন। স্টেডিয়ামে জোনাল ও জাতীয় দলের খেলার আয়োজন করতে হবে। এতে ক্রিকেটের মান ও খেলার মান বাড়বে।
এই টি-২০ টুর্নামেন্টে অংশগ্রহণ করে ১৬টি দল। ফাইনালে দিনাজপুর ডোমিনেটরসকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাবনা ক্রিকেটার্স।

এ সময় টুর্নামেন্টের পরিচালনা কমিটির আহ্বায়ক নুর-ই শাহাদাত স্বজন, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা সরদার শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব শরিফুল ইসলাম শরিফসহ আয়োজক কমিটি, টিম ম্যানেজম্যান্ট এবং সুধীজনেরা উপস্থিত ছিলেন।

 

এন এ এন টিভি