রাজধানীর গুলশানে হোটেলে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান। এর আগে তিনি আত্মসমর্পণ করেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসাইন বলেন, আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আমরা জামিনের বিরোধিতা করি। আদালত শুনানি অন্তে পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন।
মামলার বিবরণে বলা হয়েছে, গত বছরের জানুয়ারি মাসে তোফায়েলের সঙ্গে ভূক্তভোগী তরুণীর ফেসবুকে পরিচয় হয়। এরপর থেকে ফেসবুক মেসেঞ্জারে তাদের যোগাযোগ হতো। একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠলে তোফায়েল ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেন। তবে তরুণী তাতে সায় দেননি। তখন আসামি বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক গড়েন।
পরবর্তীতে বিভিন্ন সময়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন। ওই তরুণী তাকে বিয়ের কথা বললে তোফায়েল বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় গত ১ আগস্ট ওই তরুণী বাদী হয়ে গুলশান থানায় ধর্ষণ মামলা করেন।
