ভোটের গাড়ির প্রচারণায় ‘জনমত বাক্সে’ উঠে এলো মানুষের মনের কথা

কেউ লিখেছেন নিজের ব্যক্তিগত দুঃখের কথা, কেউ দাবি তুলেছেন হয়রানিমুক্ত পাবলিক সার্ভিসের। রাষ্ট্রযন্ত্রের সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার, নারী-পুরুষের সমতা, শিশুদের জন্য নিরাপদ পরিবেশ, মানসম্মত শিক্ষাব্যবস্থা এবং দুর্নীতি ও আধিপত্যমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষাও উঠে এসেছে এসব লেখায়। আবার কেউ কেউ ব্যক্তিগত আক্রমণ ও ক্ষোভ প্রকাশ করেছেন, সরকারের সমালোচনাও করেছেন।

সব মিলিয়ে টুকরো টুকরো কাগজে নিজেদের মতামত লিখে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তা জানিয়েছেন ৪০ হাজার ২০৬ জন মানুষ।

‘দেশের চাবি, আপনার হাতে’ গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সচেতনতামূলক প্রচারণার জন্য ভোটের গাড়ির প্রচারণা কার্যক্রমে ‘জনমত বাক্স’ সরাসরি প্রধান উপদেষ্টাকে মনের কথা লিখেছেন এদেশের সাধারণ জনগণ।

ঢাকা বিভাগ থেকে এসেছে ১০ হাজার ২১৬ মন্তব্য। চট্টগ্রাম থেকে ৬ হাজার ৬টি। সিলেট থেকে ১ হাজার ৬৫১টি। বরিশাল থেকে ২১২৪টি। খুলনা থেকে ৪৬৭৮টি। রংপুর ৩৬০৫টি। রাজশাহী থেকে ৫ হাজার ৭৩৮টি। ময়মনসিংহ থেকে ১ হাজার ৭৯৯টি মন্তব্য এসেছে।

ভোটের গাড়ি সারাদেশের ইউনিয়ন, উপজেলা ও জেলা সদরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলগুলোর প্রায় ২১৬৯টি স্পটে গিয়ে প্রচারণা কার্যক্রম চালিয়েছে।

দিনাজপুর থেকে লিজা, বিপাশা, সুমি, লিনা, বৃষ্টি লিখেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানকে মনে রেখে দেশের সুন্দর এবং সুষ্ঠু সংস্কার চাই। নারী ও শিশুদের অধিকার, ধর্ষণের ১০ দিনের মধ্যে রায় কার্যকর হোক। রাজনীতি যে দলই আসুক দিনাজপুর না কেন দেশের সংস্কারে যেন সকলেই নিয়োজিত থাকে।’

কোনো রকম অস্বস্তি-সংকোচ ছাড়াই সাবলীল, আবেগাপ্লুত মন্তব্যগুলো পড়ে উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জনগণের এমন অকৃত্রিম ভালোবাসা অমূল্য সম্পদ, তাই কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই সকল প্রশংসা, মন্তব্য, পরামর্শ এবং সমালোচনা-নিন্দাও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

 

এনএএন টিভি