ঢাকা-চট্টগ্রামের পর এবার কুমিল্লায় গ্যাস বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন: মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘সকাল ছয়টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ একই পরিবারে চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের দুই শতাংশ, জিল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তাদের মধ্যে জিল হক ও হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।’
দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক এরশাদ হোসাইন জানান, ভোর সাড়ে ৪টার দিকে বলদাখাল এলাকার একটি তিনতলা আবাসিক ভবনের নিচতলায় লাইনের গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। পরে তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তবে ভবনের অন্যরা নিরাপদে রয়েছেন।

Share this news as a Photo Card