রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে মরদেহ উদ্ধার করা হয়। শিক্ষার্থীর নাম মাহমুদা আক্তার ওরফে জেরিন (২৭)। তিনি রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ছিলেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমাউল হক গণমাধ্যমকে জানান, মাহমুদা বসুন্ধরা আবাসিক এলাকার সি-ব্লকের একটি বাসার একটি কক্ষে থাকতেন। দীর্ঘক্ষণ ভেতর থেকে দরজা লাগানো দেখতে পেয়ে বুধবার সন্ধ্যায় পাশের কক্ষের অন্য শিক্ষার্থীরা ভাটারা থানায় খবর দেন। পুলিশ গিয়ে কক্ষটির দরজা ভেঙে মাহমুদার লাশ উদ্ধার করে। ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল মাহমুদার মরদেহ । মাহমুদা কক্ষটি ভাড়া নিয়ে থাকতেন। পাশের কক্ষে থাকতেন অন্য শিক্ষার্থীরা।

আইনিপ্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় ভাটারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ভাটারা থানা-পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মাহমুদার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সহপাঠীদের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদ জানান, মাহমুদা হতাশাগ্রস্ত ছিলেন। তিনি হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন। মাহমুদার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা। তাঁর বাবার নাম খোরশেদ আলী।

 

এনএএন টিভি