ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইমরান হোসেন (৩০) নামের এক নসিমনচালক নিহত হয়েছেন।
বুধবার (২০ মে) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইমরান উপজেলার রানীনগর গ্রামের মহিউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান হোসেন শেখপাড়া এলাকায় বিভিন্ন দোকানে মাল সরবরাহ শেষে নসিমন নিয়ে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বড়দাহ এলাকায় পৌঁছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বাস একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা নসিমনটিকে ধাক্কা দেয়। সংঘর্ষে নসিমনচালক ইমরান গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে কুষ্টিয়ায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
