নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবা আধুনিকায়নের লক্ষ্যে চীন সরকারের মালিকানাধীন বিখ্যাত প্রতিষ্ঠান ‘চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন’ (সিআরবিসি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নারায়ণগঞ্জ সফর করেছে।
১ জুন ২০২৬, সোমবার প্রতিনিধিদলটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে নারায়ণগঞ্জের সামগ্রিক উন্নয়নে শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত বহুল আকাঙ্ক্ষিত ‘নবীগঞ্জ সেতু’ নির্মাণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প (Waste-to-Energy) এবং আধুনিক পানি পরিশোধন প্লান্ট স্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক খাত নিয়ে বিস্তারিত দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎ শেষে চীনা প্রতিনিধিদলটি নাসিক প্রশাসক এবং স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে শীতলক্ষ্যা নদীতে প্রস্তাবিত নবীগঞ্জ সেতুর নির্ধারিত স্থান সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব, আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।

এছাড়াও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চ.দা.) মোঃ আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ ইসমাইল চৌধুরী এবং নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম। উল্লেখ্য, বিগত ২০০৬ সালের ৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। দীর্ঘ প্রতীক্ষিত এই সেতুটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ মূল নগরীর সাথে বন্দর এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। সংশ্লিষ্টরা আশা করছেন, সেতুটি চালু হলে স্থানীয় শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অভূতপূর্ব গতি সঞ্চার হবে।
পরিদর্শন শেষে সিআরবিসি (CRBC)-এর প্রতিনিধিদল নবীগঞ্জ সেতুসহ নারায়ণগঞ্জের অন্যান্য নাগরিক অবকাঠামো প্রকল্পগুলোর দ্রুত ও সফল বাস্তবায়নের ব্যাপারে তীব্র আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পানি পরিশোধন ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও টেকসই আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চীন সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
